Blog

NEWS

শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির জয়�

7th Oct, 2026

শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির জয়জয়কার 

এরশাদ উদ্দিন, শিলচর, ৭ অক্টোবর:


শিলচরে প্রথম পুর নিগম বিজেপির দখলে

শিলচরের প্রথম পুরনিগম নির্বাচনে বিজেপির জয়জয়কার। ৪২টির মধ্যে শরিক দল অগপকে নিয়ে ৩৪টি আসনেই জয়লাভ করে নিগম দখল করেছে বিজেপি। অগপ অর্থাৎ অসম গণ পরিষদ জিতেছে দুটো ওয়ার্ডে। অর্থাৎ ৩২টিতেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র দুটো ওয়ার্ডে জিততে পেরেছে। বাকি ছ'টি ওয়ার্ড জিতেছেন নির্দলরা, যারা মূলত বিজেপির বিক্ষুব্ধ।

মঙ্গলবার শিলচর পুরনিগম নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুটো বিষয় স্পষ্ট হয়ে গেল। শহর শিলচর এখনও বিজেপির অপ্রতিরোধ্য, দুর্ভেদ্য দুর্গ। দ্বিতীয়ত, কংগ্রেসের অবস্থা দিনদিন আরও শোচনীয় হতে হতে এখন তলানিতে এসে ঠেকেছে। শহরের প্রাণকেন্দ্রে একমাত্র ৩০ নম্বর ওয়ার্ডেই কংগ্রেসের জেন জি প্রতিনিধি সাক্ষী বণিক জিততে পেরেছেন। তবে এই জয়ে দলের কোনও কৃতিত্ব নেই বললে সত্যের অপলাপ হবে না। এই ওয়ার্ডে সাক্ষীর বাবা সজল বণিক পুর রাজনীতির পোড়খাওয়া খেলোয়াড়, দল বহুদিন ধরে কক্ষচ্যুত হলেও তিনি নিজের জনসংযোগ মসৃণ রেখেছেন। পাশাপাশি সাক্ষীর ব্যক্তিত্বও শুধু তাঁর ওয়ার্ড নয়, সারা শহরে ছাপ ফেলতে সক্ষম হয়েছে। শহরতলির সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলোর একটিতেও কংগ্রেস জিততে পারেনি। অর্থাৎ কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক পুরোপুরি সরে গিয়েছে। অন্যদিকে বৃহত্তর মেহেরপুর এলাকা নিয়ে গঠিত ৪১ নম্বর ওয়ার্ডেও কংগ্রেসের রাজ্যশ্রী গোয়ালা জিতেছেন। এই ওয়ার্ডটিও হিন্দু অধ্যুষিত, তবে এখানে হিন্দিভাষী ভোটাররা নির্ণায়ক ফ্যাক্টর। রাজ্যশ্রী এই ফ্যাক্টরেই শেষমেশ জিতেছেন।

মাস ছয়েক আগে বিধানসভা নির্বাচনে বিজেপির রাজদীপ রায় কংগ্রেসকে হারিয়েছেন ৫৫ হাজার ভোটের ব্যবধানে। এরমধ্যে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধান রয়েছে শুধু শিলচরের পুর এলাকায়। পুরনিগম নির্বাচনে এই ব্যবধান কার্যত ধরে রেখেছে বিজেপি। ভোট গণনার আগের দিন স্ট্রংরুমের কয়েকটি সিসিটিভি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ব্যালট বক্স পরিবর্তন করার লক্ষ্যে এমনটা করানো হয়েছিল বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করলেও জেলা প্রশাসন এবং বিজেপির তরফে এমন দাবি খারিজ করে দেওয়া হয়।